‘সিংহ কখনো পালের সঙ্গে হাঁটে না’, আত্মবিশ্বাসী বার্তা পূজা চেরীর
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৭ সময়
ঢালিউডের অভিনেত্রী পূজা চেরী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে একটি বার্তা দিয়েছেন। পরিচিত মানুষের সংখ্যা কমে যাওয়া কিংবা একাকিত্বকে নেতিবাচকভাবে না দেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে দেখার কথা বলেছেন তিনি।সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূজা চেরী। ছবিগুলোতে ভিন্ন সাজে ধরা দেন এই অভিনেত্রী। তবে ছবির পাশাপাশি তাঁর ক্যাপশনটি অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করে।ক্যাপশনে পূজা লেখেন, “সিংহ কখনো পালের সঙ্গে হাঁটে না; দল বা পাল তো ভেড়াদের জন্য।” এরপর তিনি বলেন, পরিচিত মানুষের সংখ্যা হঠাৎ কমে গেলে কিংবা যেখানে একসময় হাসি-আড্ডায় সময় কাটত, সেখানে নিজেকে একা মনে হলে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি নিজের মতো করে এগিয়ে যাওয়ার এবং নিজের অবস্থান তৈরি করার সুযোগ হতে পারে।পূজার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর অনুসারীদের অনেকে মন্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মতে, অভিনেত্রী পরিচিত মানুষের ভিড় কমে যাওয়াকে হতাশার বিষয় হিসেবে না দেখে আত্মমর্যাদা বজায় রেখে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।