মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা নিরসনে সংযম, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে পাকিস্তান ও বাহরাইন। একই সঙ্গে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে দুই দেশ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি এবং চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়।বৈঠকের পর ইসহাক দার বলেন, উভয় পক্ষই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে ‘সংযম, সংলাপ ও উত্তেজনা কমানোর গুরুত্ব’ তুলে ধরেছে। তিনি বলেন, হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। এসব গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হলে আঞ্চলিক ও বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।’সৌদি আরবের নিরাপত্তা নিয়ে বাহরাইনের অবস্থানবাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আল জায়ানি বলেন, এমন এক সময়ে ইসলামাবাদে দুই দেশের বৈঠক হলো, যখন আঞ্চলিক সংকটের সমাধান এখনো হয়নি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিমানবন্দর ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা বাহরাইন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।বৈঠকে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক আইন অনুসরণ করে এসব গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।আঞ্চলিক সংঘাত ঘিরে উত্তেজনাযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনেও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।এদিকে সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও হুতিদের সংঘাতও তীব্র হয়েছে। ইয়েমেনি গোষ্ঠীটি আল-হুদায়দাহ ও তাইজ প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে এবং পরে বাব আল-মান্দেব প্রণালির মায়ুন দ্বীপের দিকেও অগ্রসর হয়।