ব্যবহারকারীদের মেসেজ ব্যবস্থাপনা আরও সহজ করতে নতুন লং-প্রেস মেনু চালু করেছে গুগল মেসেজ। নতুন এই ফিচারে মেসেজের পুরো অংশ কপি করার পাশাপাশি নির্দিষ্ট অংশ নির্বাচন করে কপি, অনুবাদসহ বিভিন্ন কাজ করার সুবিধা যুক্ত হয়েছে।গুগল মেসেজের নতুন লং-প্রেস মেনু ১ অক্টোবর থেকে চালু করা হয়েছে। আপডেটের ফলে নিয়মিত ব্যবহৃত বিভিন্ন অপশন একটি মেনুর মধ্যে পাওয়া যাবে। লাইট ও ডার্ক—দুই মোডেই মেনুটি আরও সাবলীলভাবে কাজ করবে। পাশাপাশি ল্যান্ডস্কেপ মোডে ব্যবহারের সুবিধাও বাড়ানো হয়েছে।কোনো মেসেজে লং-প্রেস করলে রিপ্লাই, ফরওয়ার্ড, কপি, স্টার, ডিলিট, সিলেক্ট মোড ও ইনফোর মতো অপশন দেখা যাবে। ছবি নির্বাচন করলে রিমিক্স ও সেভের মতো অতিরিক্ত অপশনও পাওয়া যাবে।নতুন ব্যবস্থার উল্লেখযোগ্য দিক হলো, এখন আর পুরো মেসেজ কপি করার প্রয়োজন হবে না। ব্যবহারকারী মেসেজের নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করে সেটি কপি করতে পারবেন। নির্বাচিত অংশের জন্য আলাদা একটি মেনু খুলবে, যেখানে কপি, ট্রান্সলেট এবং সিলেক্ট অল অপশন থাকবে।সর্বশেষ মেসেজ নির্বাচন করার সময় ছোট অ্যানিমেশন ও হালকা ভাইব্রেশনের মাধ্যমে নির্বাচনটি নিশ্চিত করা হবে। একই সঙ্গে নির্বাচিত মেসেজটি স্ক্রিনের মাঝামাঝি অবস্থানে চলে আসবে। ফলে কোন মেসেজ নির্বাচন করা হয়েছে, তা সহজে শনাক্ত করা যাবে।গুগল জানিয়েছে, কোনো ফোনে আপডেটের নতুন ফিচারগুলো দেখা না গেলে গুগল মেসেজ অ্যাপটি ফোর্স স্টপ করে পুনরায় চালু করা যেতে পারে। এতে নতুন ফিচার সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।