দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩০ সময়
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় সৈকত ও তন্ময় নামে আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।আহত সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। অপর আহত তন্ময় কাচারীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজনই আহত হন। সংঘর্ষে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের দাবি, তন্ময়কে প্রায়ই এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যেত।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজাদ রহমান জানান, হাসপাতালে আনার পথেই আলমগীর প্রধানের মৃত্যু হয়। আহত দুজনের মধ্যে তন্ময়ের অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।