বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমের সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে সংগীতাঙ্গনের বেশ কয়েকজন তারকা শিল্পী অংশ নেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন এই প্রজন্মের সংগীতশিল্পী সুজানা রূপা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আগুন, মনির খান, রবি চৌধুরী, আসিফ আকবরসহ সংগীত অঙ্গনের একঝাঁক শিল্পী। এ ছাড়া প্রখ্যাত গীতিকার, সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক আশরাফ বাবু এবং তাঁর ভাতিজি সুজানা রূপাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক পর্বে সুজানা রূপা শিল্পী পলাশের সঙ্গে দ্বৈত কণ্ঠে কালজয়ী গান ‘যদি বউ সাজো গো’ পরিবেশন করেন। তাঁর পরিবেশনা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।খুরশীদ আলম বর্তমানে চলচ্চিত্রে নতুন কোনো গানে কণ্ঠ না দিলেও নিয়মিত আধুনিক গান করছেন বলে জানা গেছে।অনুষ্ঠান প্রসঙ্গে সুজানা রূপা বলেন, খুরশীদ আলমের সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়া তাঁর জন্য সৌভাগ্যের। এ আয়োজনের সুযোগ করে দেওয়ায় তিনি তাঁর চাচা আশরাফ বাবুর প্রতি কৃতজ্ঞতা জানান।এদিকে সুজানা রূপা জানান, রাজধানীর আফতাবনগরে তাঁর নতুন একক গান ‘রূপকন্যা’-এর মিউজিক ভিডিওর চিত্রায়ণ শেষ হয়েছে। রুস্তম মল্লিকের লেখা ও সুর করা গানটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।