সংবেদনশীল তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতে বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটল।সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে। তবে বরখাস্ত হওয়া তিন কর্মীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওপেনএআই।এএফপিকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ তদন্তে ওই তিনজনের প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে সংবেদনশীল তথ্য ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি কাজের জন্য গুরুত্বপূর্ণ পারস্পরিক আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ওপেনএআই।যাদের নাম প্রতিবেদনে এসেছেওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনের বরাতে বরখাস্ত হওয়া তিন গবেষক হিসেবে জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনির নাম এসেছে। তবে ওপেনএআই তাদের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুজন গবেষক প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা ও অ্যালাইনমেন্ট-সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, অভিযোগের একটি অংশ ছিল প্রতিষ্ঠানের বাইরের এআই মূল্যায়নকারী একটি সংগঠনের সঙ্গে সংবেদনশীল তথ্য ব্যবহারের বিষয়। তবে ওই সংগঠন বা তথ্যের সুনির্দিষ্ট ধরন প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।এআই নিরাপত্তা নিয়ে প্রকাশ্য উদ্বেগবরখাস্ত হওয়া বলে প্রতিবেদনে যাদের নাম এসেছে, তারা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআইয়ের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে মতামত প্রকাশ করেছিলেন।মিকিতা বালেসনি গত ১০ সেপ্টেম্বর এক পোস্টে এআইয়ের কারণে মানবজাতির অস্তিত্বের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তোমেক কোরবাকও ১১ সেপ্টেম্বর ওপেনএআইয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা প্রকাশ্যে জানান। জেসমিন ওয়াংও এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কথা লিখেছিলেন।তবে তাদের প্রকাশ্য বক্তব্যই বরখাস্তের কারণ—এমন কোনো দাবি ওপেনএআই করেনি। প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী, বরখাস্তের কারণ ছিল সংবেদনশীল তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন।বাড়ছে এআই নিরাপত্তা নিয়ে বিতর্কওপেনএআইয়ের তিন গবেষককে বরখাস্তের ঘটনা এমন সময়ে ঘটল, যখন শক্তিশালী এআই মডেলের নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং এসব প্রযুক্তি মানবজাতির জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে কি না—তা নিয়ে প্রযুক্তি খাতে বিতর্ক বাড়ছে।গত মাসে ২৭ বছর বয়সী গবেষক জ্যাকব কক্সন প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগের সময় শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর দ্রুত শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতা নিয়ে সতর্ক করেছিলেন। কক্সন এর আগে ওপেনএআইয়েও কাজ করেছেন।এদিকে ওপেনএআই সম্প্রতি তাদের পরিকল্পিত অ্যাস্ট্রা ৬.১ মডেলের প্রকাশ বাতিল করেছে। প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষায় মডেলটি যথেষ্ট নির্ভরযোগ্য নয় এবং নির্দেশনা অমান্য করার প্রবণতা দেখা গেছে।সাম্প্রতিক সময়ে ওপেনএআইয়ের এআই এজেন্টের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়েও একাধিক ঘটনা সামনে এসেছে। ফলে উন্নত এআই প্রযুক্তি তৈরির পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও বিতর্ক আরও জোরালো হয়েছে।