৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময়
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের যোগদানের সময়সীমা ও অন্যান্য শর্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।নিয়োগপ্রাপ্তরা ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরিতে যোগ দেবেন। তাঁদের দুই বছর শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় আরও দুই বছর বাড়াতে পারবে।এর আগে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষা ক্যাডারের জন্য প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল। পিএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষা ক্যাডারে ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।