ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়ি, ভেকু, পুলিশের গাড়ি ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলবে। তাঁর দাবি, উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের এবং তাঁদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহণ, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে।তিনি বলেন, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়েছে। মিরপুরের মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—ঘটনার মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়েছে।আগুন ও ভাঙচুরের অভিযোগশফিকুল ইসলাম খান জানান, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে আগুন ও ভাঙচুরের ঘটনাগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে বলে জানান তিনি।হবে মামলা, চলবে গ্রেপ্তারডিএনসিসি প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের অনেককেই ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।‘ফুটপাত দখল করতে দেওয়া হবে না’ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে। এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নিজেকে মিরপুরের সন্তান উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, এলাকার পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।উল্লেখ্য, বুধবার মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।