উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে । গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করেন বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতী গ্রামের ভুক্তভোগী মোছা. শিউলি আক্তার শিলা (৩৩)।মামলার এজাহারে বাদীর হলফনামায় বলা হয়েছে, ভূক্তভোগী নারী শিউলী আক্তার শিলা তার স্বামীর সঙ্গে খালুর বাসায় ভাড়া থাকতেন। ওই সূত্রে বিএনপি নেতা ও প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। মাঝে মধ্যেই দেখা হলে মোবাইল নাম্বার চাইতো বিএনপি নেতা হাফিজুর রহমান। মোবাইল নাম্বার নেয়ার পরে মোবাইল ফোনে তাদের কথাবার্তা হতো। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি জানার পর বিএনপি নেতা হাফিজুর রহমান তাকে ফোনে ফুসলাইয়া তালগাছী বাসস্ট্যান্ডে আসতে বলেন। পরে তিনি সেখানে গেলে আসামি মোটরসাইকেলে এবং ভুক্তভোগী শিউলি আক্তার শিলাকে ভ্যানে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে একটি ঘরে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখানো হয়। এতে রাজি না হওয়ায় বাদীর দুই গালে সিগারেটের ছ্যাঁকা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, ঘটনার পর ভুক্তভোগী শিউলি আক্তার ভয়ে অভিভূত হয়ে নিশ্চুপ থাকে, পরদিন আসামি হাফিজুর রহমান ঘটনাস্থল ত্যাগ করার পর ভুক্তভোগী পরিচিত একজনকে ফোনে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তি কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এবং ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেলে তিনি কোর্টে মামলা দায়ের করার পরামর্শ দেন বলে মামলা সূত্রে জানা যায়। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও দূর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সাথে একাধিকবার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।