জাপানে দক্ষ শ্রমিক পাঠাতে ভাষা প্রশিক্ষণের উদ্যোগ, বললেন স্থানীয় সরকারমন্ত্রী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১১ সময়
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে জাপান অন্যতম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।সেমিনারে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি। অন্যদিকে জাপানে প্রবীণ জনগোষ্ঠীর আধিক্য রয়েছে। এ পরিস্থিতিতে জাপানে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে দুই দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবে।তিনি বলেন, জাপানে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে দেশে জাপানি ভাষা শেখানোর জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।মন্ত্রী আরও বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।