অসুস্থ দুই সাংবাদিকের চিকিৎসা এবং প্রয়াত দুই সাংবাদিকের পরিবারের সহায়তায় মোট ২০ লাখ টাকা অনুদান দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। চার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে এই সহায়তা দেওয়া হয়।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বার্ষিক সাধারণ সভা-২০২৬’ অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।এর মধ্যে দৈনিক ইনকিলাবে কর্মরত প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের জন্য পাঁচ লাখ এবং দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে।হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে তার ছেলে মো. তৌহিদ হারুন এবং হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে তার স্ত্রী শারমিন সুলতানা রিনা চেক গ্রহণ করেন। রাকিব উদ্দিনের পক্ষে তার স্ত্রী নাসরিন জাহান এবং আমানুর রহমান নিজে চিকিৎসা সহায়তার চেক নেন।সহায়তা পাওয়ার পর সাংবাদিক ও পরিবারের সদস্যরা এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। সংকটের সময়ে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।সাংবাদিকদের আর্থিক সচ্ছলতার ওপর গুরুত্বঅনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের প্রতিনিধি মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা হয়। তবে আর্থিক সংকটে থাকলে সাংবাদিকরা অনেক সময় তাদের ভাবনা ও বাস্তবতা পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারেন না। তাই সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন।তিনি বলেন, এবিজি গ্রুপ সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকেও সহযোগিতা করা হচ্ছে।অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. ইমরুল হাসান, মোহাম্মদ হুসাইন আরজু ও মো. সাজেদুল করিম উপস্থিত ছিলেন।যৌথ উদ্যোগে মিডিয়া অ্যাওয়ার্ডসাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথাও অনুষ্ঠানে জানানো হয়। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হবে। প্রস্তাবিত এ মিডিয়া অ্যাওয়ার্ডের স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।