হুথিদের নির্মূলে সেনাদের জীবনদানে প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৩৫ সময়
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দেশের ভূখণ্ড রক্ষা এবং হুথিদের পরাজিত করাকে ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।বিবৃতিতে সেনাদের সৌদি শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়। এতে আত্মত্যাগ ও দেশের প্রতিরক্ষার গুরুত্ব তুলে ধরতে পবিত্র কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী ও হাদিসের উল্লেখ করা হয়েছে।‘জীবন উৎসর্গ করা যেতে পারে’বিবৃতিতে বলা হয়, সৌদি রাষ্ট্র ও এর ভূখণ্ড রক্ষা করা এবং দেশের কোনো অংশে হস্তক্ষেপের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়।এ ছাড়া হুথিদের পরাজয় এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন গ্র্যান্ড মুফতি। হুথিদের পাশাপাশি তাদের সহযোগিতা ও সমর্থনকারীদের পরাজয়ের জন্যও তিনি প্রার্থনা করেন।নতুন করে তীব্র সংঘাতসৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে। গত কয়েক দিনে হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। ১৯ সেপ্টেম্বর রিয়াদমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করার কথা জানায় দেশটি।২৪ সেপ্টেম্বর সৌদি আরবের তাইফ ও ইয়ানবুর দিকে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা এই উত্তেজনার মধ্যে হুথিদের হামলা এবং সৌদি পাল্টা হামলা সংঘাতকে নতুন করে তীব্র করেছে। গ্র্যান্ড মুফতির সর্বশেষ বক্তব্যকে এ পরিস্থিতির মধ্যেই দেওয়া একটি বিরল ও কঠোর বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। সাম্প্রতিক সংঘাতের পটভূমিতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা ১৯ সেপ্টেম্বর সৌদি আরবের ওপর হুথি হামলার নিন্দা জানিয়ে দেশটির আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন এবং ইয়েমেনের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন।