আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো—সরকারের এমন দাবির সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও মানুষের নিরাপত্তা আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।‘আগের’ ও ‘ভালো’র বাস্তব রূপ কোথায়আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ‘যখন যে ক্ষমতায় থাকে, এসেই দাবি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের চেয়ে ভালো। আমি জাতীয় সংসদেও বলেছি, সেই “আগের” সংজ্ঞাও বুঝি না আর “ভালো”র বাস্তব রূপও কোথাও খুঁজে পাই না।’তিনি বলেন, ‘ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে?’সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যার ঘটনা উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, দায় এড়াতে এখন নিহত ওই তরুণকেই দোষী বানানোর চেষ্টা চলছে। তাঁর ভাষায়, এটি ‘চরম দায়িত্বহীনতার লক্ষণ’।‘নিজের মন্ত্রণালয়ের দায়িত্বই ঠিকমতো সামলাতে পারছেন না’সরকারি দলের শীর্ষ নেতৃত্বের বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে—সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল এবং সবার বিষয়ে খোঁজখবর রাখেন। কিন্তু শুধু নিজের মন্ত্রণালয়ের দায়িত্বই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না।তিনি আরও বলেন, সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে সরকারি দলের নেতারাই পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন।এ প্রসঙ্গে তিনি সরকারি দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের একটি বক্তব্যের উল্লেখ করেন। শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায় ট্রেজারি বেঞ্চে বসে বলেছিলেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান সংশ্লিষ্ট নেতার বাড়ির এলাকা দিয়ে আসে।মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।