বরিশাল বিভাগে ১৭৪ জন শ্রমজীবী ও অসুস্থ পরিবারের মধ্যে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছে বরিশাল আঞ্চলিক শ্রম অধিদপ্তর। এর মধ্যে বরিশাল জেলার ৬৪ জন শ্রমজীবীর মধ্যে ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা করে মোট ৩০ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রমজীবীদের হাতে সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।শ্রমজীবীদের পাশে সরকারঅনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে যেসব শ্রমজীবী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারছেন না, তাঁদের পাশে সরকার রয়েছে। এরই অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বরিশালের শ্রমজীবীদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।তিনি জানান, প্রতি বছর অন্তত চারবার এ ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। চেক বিতরণের সময় জেলা প্রশাসক সহায়তা পাওয়া অসুস্থ শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, সহকারী পরিচালক শেখ মো. সেলিম আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।