আফগানিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার জবাবে দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান। খবর জিও নিউজের।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান তার ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার’ প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে ‘নির্ভুল’ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব স্থানে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণ করা হতো বলে দাবি করেন তিনি।এর আগে বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা সূত্র। সূত্রের দাবি, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো শনাক্ত করে বাধা দেয়। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং অপর চারটি কোহাটের কাছের পার্বত্য এলাকায় ভূপাতিত করা হয়।হামলা ‘পরিকল্পিত ও নিয়ন্ত্রিত’: পাকিস্তানআতাউল্লাহ তারার দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলা ছিল ‘পরিকল্পিত, নির্ভুল, নিয়ন্ত্রিত ও আনুপাতিক’। পাকিস্তানে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত সামরিক স্থাপনাগুলোতেই হামলা সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।২৩ সেপ্টেম্বর আফগান ভূখণ্ড থেকে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের ওপর হামলার চেষ্টা করা হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা জানান পাকিস্তানের এই মন্ত্রী। তাঁর ভাষায়, এ ঘটনা পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘গুরুতর ও অগ্রহণযোগ্য আগ্রাসন’।তালেবানের বিরুদ্ধে অভিযোগআতাউল্লাহ তারার বলেন, আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি ও তাদের সহযোগী নেটওয়ার্ক থাকার বিষয়ে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালেবান সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে উদ্বেগ জানিয়ে আসছে।তাঁর অভিযোগ, এসব নেটওয়ার্ক ধ্বংস করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক ড্রোন অভিযান চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।তিনি আরও দাবি করেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী সব ড্রোন শনাক্ত, অনুসরণ ও ধ্বংস করেছে। ফলে কোনো ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।‘ভবিষ্যতে হামলা হলে কঠোর জবাব’আফগান ভূখণ্ড থেকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী কিংবা আফগান তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালালে তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন আতাউল্লাহ তারার। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার কথাও জানান তিনি।একই সঙ্গে তালেবান সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর, দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।তবে পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না উল্লেখ করে আতাউল্লাহ তারার বলেন, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি, সংলাপ ও গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই অবস্থানকে দুর্বলতা বা শত্রুতামূলক কর্মকাণ্ড সহ্য করার মানসিকতা হিসেবে দেখা উচিত নয়।পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে আফগান তালেবানের পক্ষ থেকে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে তার ‘দৃঢ় ও কঠোর’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।তথ্যসূত্র: জিও নিউজ।