শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৭ সময়
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়ার বিস্তার রোধ এবং এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হবে। তবে কমিটি গঠনের সময়সীমা এবং এতে কারা সদস্য থাকবেন—এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তথ্যসূত্র: যুগান্তর প্রতিবেদন; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি।