হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৬ সময়
হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর বয়সসংক্রান্ত শর্ত পূরণ না হওয়ায় এর আগে তাকে স্থায়ী বিচারপতি করা হয়নি। পরবর্তীতে নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে এবং ২০০৭ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।তিনি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।তথ্যসূত্র: যুগান্তর