শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের এক শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে শোকজ করেছে জেলা বিএনপি।বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের সই করা পৃথক চিঠিতে তাকে শোকজ করা হয়। নোটিশে অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।শোকজ নোটিশে বলা হয়, ১২ বছর বয়সী এক শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। ঘটনাটিকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে নোটিশে একে গুরুতর ও অনভিপ্রেত ঘটনা বলা হয়েছে।এর আগে শুক্রবার রাতে মানিব্যাগ চুরির অভিযোগে শিশু জিসান (১২) ও তার বিধবা মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও তার ভাই আব্দুল হাই তালুকদারের বিরুদ্ধে।মঙ্গলবার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই জেলা বিএনপি চুন্নুকে শোকজ করেছে।