কুড়িগ্রামে সার সংকট নেই দাবি করা কৃষি কর্মকর্তাকে বদলি
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৮ সময়
কুড়িগ্রামে সার বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ দাবি করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশের কপি কুড়িগ্রামে পৌঁছায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে সার সংকট, সার বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা এবং কৃষকদের ভোগান্তি তৈরি হয়। এসব পরিস্থিতি নিরসনে ব্যর্থতার কারণে আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।মন্ত্রণালয়ের আদেশে তাকে আগামী ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামে বদলি ও পদায়ন করা হয়েছে।বদলির বিষয়টি নিশ্চিত করে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’