হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৮ সময়
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৩৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৯২ জনের হাম নিশ্চিত হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৮২ হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।