জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যাওয়া সাংবাদিক ও মিডিয়া টিমের সদস্যদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, ভিসা প্রত্যাখ্যানের মাধ্যমে ওয়াশিংটন ‘সত্য গোপন’ এবং তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই এসব অভিযোগ করেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেসব সাংবাদিককে প্রশাসন অপছন্দ করে, তাদের জন্য যেমন দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনি বিদেশি সাংবাদিকদেরও বাধা দেওয়া হচ্ছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ ও মিডিয়া টিমের সদস্যরাও রয়েছেন।বাঘেই আরও অভিযোগ করেন, কোনো প্রশাসন যখন নিজেদের দেশের অপছন্দের সাংবাদিকদের পাশাপাশি বিদেশি সাংবাদিকদের, বিশেষ করে ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমকে প্রবেশে বাধা দেয়, তখন বিষয়টি শুধু প্রবেশাধিকার নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে সত্য গোপন করা, মানুষের তথ্য পাওয়ার অধিকার খর্ব করা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানোর সুযোগ তৈরি হয়।ইরানের এই মুখপাত্র বলেন, ‘একসময় যে দেশ লৌহপর্দা ভেঙে ফেলার জন্য গর্ব করত, সেই দেশই এখন নিজেদের তৈরি একটি লৌহপর্দার আড়ালে দাঁড়িয়ে আছে।’এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ ও মিডিয়া টিমের সদস্যরাও রয়েছেন।তেহরানের দাবি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত নজিরবিহীনভাবে বৈরী পদক্ষেপ।তথ্যসূত্র: মেহের