জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ল বাসভাড়া
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪ সময়
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার পাশাপাশি রাজধানী ও অন্যান্য শহরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে মন্ত্রণালয়ের বৈঠকে উভয় ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।আগেও বেড়েছিল ভাড়াগত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা।দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামিয়ে তুলনামূলক আরামদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এসব বাসে আসনসংখ্যা কম হওয়ায় ভাড়া আরও বেশি হয়ে থাকে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট রুটের বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে।