জ্বালানি তেলের দাম বাড়ানোর পর চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকেই বাস, টেম্পু, লেগুনা ও রাইড-শেয়ারিংয়ে আগের তুলনায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এতে কর্মজীবী ও নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।সোমবার নগরীর টাইগারপাস, জিইসি, মুরাদপুর ও ২ নম্বর গেটসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। চালকদের দাবি, নতুন দামে জ্বালানি কিনে আগের ভাড়ায় গাড়ি চালালে তাঁদের খরচ উঠবে না।আগ্রাবাদ থেকে জামালখান পর্যন্ত ডিজেলচালিত টেম্পুর স্বাভাবিক ভাড়া ২০ টাকা। তবে সোমবার সকাল থেকে এ রুটে ৫ টাকা বেশি, অর্থাৎ ২৫ টাকা নেওয়া হচ্ছে। একইভাবে জিইসি মোড় থেকে নতুন সেতু পর্যন্ত ২৫ টাকা ভাড়ার পরিবর্তে ৩০ টাকা দাবি করছেন চালকেরা। নগরীর অন্যান্য রুটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বেসরকারি হাসপাতালে কর্মরত যাত্রী আমজাদ হোসেন বলেন, সকালে অফিসে যাওয়ার সময়ই তাঁকে বাড়তি ভাড়া দিতে হয়েছে। নির্দিষ্ট ভাড়ার তালিকা ছাড়াই অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে। নির্দিষ্ট বেতনে চাকরি করা মানুষের আয় না বাড়লেও প্রতিদিন যাতায়াতে বাড়তি খরচ হলে সংসারের অন্যান্য ব্যয় মেটানো কঠিন হবে বলে জানান তিনি।‘প্রতিদিন বাড়তি ৪০০-৫০০ টাকা খরচ’আগ্রাবাদ-জামালখান রুটে ছয় বছর ধরে ডিজেলচালিত সাদা টেম্পু চালান সাইফুল ইসলাম। তিনি বলেন, নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকলেও সকাল থেকেই নতুন দামে জ্বালানি কিনতে হচ্ছে। আগের ভাড়ায় গাড়ি চালালে খরচ ওঠে না। এ কারণে যাত্রীদের সঙ্গে কথা-কাটাকাটি হচ্ছে।সাইফুল জানান, আগে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ টাকার ডিজেলে গাড়ি চালানো যেত। এখন একইভাবে গাড়ি চালাতে প্রায় ২ হাজার টাকার তেল লাগবে। এতে প্রতিদিন জ্বালানি বাবদ প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা বাড়তি খরচ হবে।গ্যাসচালিত যানেও বাড়তি ভাড়াঅতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে গ্যাসচালিত গণপরিবহনেও। নগরীর এক বাসচালক রহমত উল্লাহ বলেন, গ্যাসচালিত হলেও গাড়িতে পেট্রোল বা অকটেনের প্রয়োজন হয়। ইঞ্জিন চালু রাখা, জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জরুরি প্রয়োজনে বিকল্প জ্বালানি হিসেবে এসব তেল ব্যবহার করতে হয়। ফলে গ্যাসচালিত গাড়ির মালিকদেরও নিয়মিত পেট্রোল বা অকটেন কিনতে হয়।২ নম্বর গেট এলাকার রাইড-শেয়ারিং চালক বাবুল হোসেন বলেন, তেলের দাম বাড়ায় প্রতিদিনের খরচ বেড়েছে। বাড়তি খরচ ভাড়ার সঙ্গে সমন্বয় না করলে আয় কমে যাবে। আবার ভাড়া বাড়ালে যাত্রীরা রাইড নিতে চাইবেন না। ফলে চালকেরা দুই দিক থেকেই সমস্যায় পড়েছেন।লিটারে ২০ টাকা বেড়েছে জ্বালানির দামসরকার নতুন করে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন দাম কার্যকর হওয়ার পর থেকেই পরিবহন খাতে জ্বালানি ব্যয়ের চাপ বেড়েছে। এর প্রভাব পড়েছে নগরীর গণপরিবহনের ভাড়াতেও।