তানোরে ন্যায্যমূল্যে সারের দাবিতে মানববন্ধন
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:২৮ সময়
রাজশাহীর তানোরে সারসংকট নিরসন, সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তানোর থানা মোড়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে কৃষকদের পক্ষ থেকে সার সরবরাহের অনিয়ম ও উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কৃষকের বৈষম্য ও বঞ্চনা দূর করতে কৃষি খাতে কার্যকর নজরদারি ও সংস্কারের দাবি তোলা হয়।কর্মসূচিতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ জামাল কাদরী, সংগঠনের অন্যতম সদস্য ওসমান গনি এবং তানোর আঞ্চলিক শাখার সদস্যসচিব আজাহার উদ্দিনসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।