গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা–রংপুর লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।কর্মসূচি অনুযায়ী, ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নেতাকর্মীদের জমায়েত হবে। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। পরে রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।‘জনগণের দাবি আদায়ে মাঠে নেমেছে বিরোধী দল’হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ যা চায়, তাদের পক্ষ হয়ে দাবি আদায়ে বিরোধী দল মাঠে নেমেছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ওই কর্মসূচিতে প্রত্যাশার চেয়েও বেশি মানুষের সমর্থন পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।তিনি বলেন, ‘প্রথমে আমাদের ছয় দফা দাবি ছিল। পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি যুক্ত হওয়ায় দাবি সাত দফায় পরিণত হয়েছে।’ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পর রংপুরমুখী কর্মসূচিপ্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা–চট্টগ্রাম লংমার্চের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি আগামী ঢাকা–রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।১১ দলীয় জোটের নেতারা জানান, ঘোষিত কর্মসূচিতে সাত দফা দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলা এবং দাবি আদায়ে মাঠপর্যায়ে আন্দোলন জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।