কুমিল্লার বুড়িচং পৌরসভার হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদে শিশু-কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মসজিদ কমিটি। নিয়মিত মসজিদে নামাজ আদায়কারী অর্ধশতাধিক শিশু-কিশোরকে দেওয়া হয়েছে পুরস্কার।শুক্রবার জুমার নামাজ শেষে হরিপুর গ্রামের এসব শিশু-কিশোরের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে সহযোগিতা করেন হরিপুর গ্রামের ব্যবসায়ী মনিরুল ইসলাম।পুরস্কার পাওয়া ৯ বছর বয়সী মোহাম্মদ হোসাইন বলেন, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায়ের চেষ্টা করেন। পুরস্কার পেয়ে তার ভালো লাগছে এবং এতে তার বাবা-মাও খুশি হবেন।হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ও সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস বলেন, এলাকার শিশুরা খেলাধুলাসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর পুরস্কার লাভ করা যায়। শিশুদের নামাজে উদ্বুদ্ধ করতে যারা এমন উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি এম হাসান। তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উদ্বুদ্ধ করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তার বাবা এই মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন উল্লেখ করে তিনি শিশুদের জন্য পুরস্কারের ব্যবস্থা করায় ব্যবসায়ী মনিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান।আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নিয়মিত মসজিদে এসে নামাজ আদায়ে উৎসাহিত করা এবং ধর্মীয় শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।