ক্যানসারে মারা গেলেন চিন্ময় দাসের মা, প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩২ সময়
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।জেলা প্রশাসক বলেন, ‘তার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছি।’এর আগে বুধবার পরিবার থেকে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। পরে বৃহস্পতিবার সকালে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তার মৃত্যু হয়।