জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের জন্য টাই-ইনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ সময়ে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।