মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি রায়ের পর ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাঁর দাবি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি। ফলে তাঁর আর আপিল করার সুযোগ নেই।সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি সময় কাউকে আটক রাখার পরও গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত ওই সময়কে ‘গুম’ হিসেবে গণ্য করা হবে।চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কোনো অসংগতি হবে না। গুমের সব অভিযোগের প্রতিবেদন যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।