সাড়ে পাঁচ মাস পর বিদেশে চিকিৎসা শেষে জাতীয় সংসদে ফিরে আবেগঘন বক্তব্য দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বক্তব্যের শুরুতেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের তাকে দেখতে যাওয়ার বিষয়টি স্মরণ করেন মির্জা আব্বাস।তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি নিজে সিঙ্গাপুর গিয়ে আমাকে দেখে এসেছেন। যদিও আমি তখন অচেতনে থাকায় আপনাকে সরাসরি দেখতে পাইনি, তবে পরে বিষয়টি জানতে পেরেছি।’স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা আব্বাস বলেন, একজন সংসদ সদস্যের প্রতি স্পিকারের এমন মানবিক ও আন্তরিক আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তার মতে, এটি শুধু একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা নয়; সংসদীয় গণতন্ত্রের মানবিক সৌন্দর্যেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।সহকর্মী ও স্পিকারের ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতা আমি কোনো দিন ভুলব না।’মির্জা আব্বাস আরও বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন মানুষ হিসেবে যে মমত্ববোধ তিনি দেখিয়েছেন, তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।