সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:২৫ সময়
সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশার পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাতী বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। তিনি সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।আহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬) ও তানজিদ (২২)। তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, দুপুরে নাদিয়াসহ চারজন যাত্রী একটি সিএনজি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। চন্ডিদাসগাতী বাজারে পৌঁছানোর পর সিএনজিটির পেছনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাদিয়ার মৃত্যু হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাদিয়ার সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।