ভোলায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সরকারি বরাদ্দের প্রতিটি টাকার হিসাব জনগণকে বুঝে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কেউ তার ঘনিষ্ঠ হতে পারবেন না।বুধবার ভোলায় সরকারি সফরে এসে নতুন বাজারের বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়নে কাজ করতে চান তিনি। নির্বাচনে যারা তার বিরোধিতা করেছিলেন, তাদের জন্যও তার দরজা খোলা থাকবে।ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার করবেন না। ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে। এ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম হয়েছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে তিনি এখনো সেতু নির্মাণের বিষয়ে আশাবাদী।তিনি বলেন, স্পিকারসহ সংসদ সদস্যরা ভোলা-বরিশাল সেতুর বিষয়ে কথা বলেছেন। তবে তিনি এ বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। একই সঙ্গে ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। স্বল্প সময়ে ঢাকায় যাতায়াতের জন্য সড়কপথের ব্যবস্থা করা হবে বলেও জানান।নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে পার্থ বলেন, তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুকে ভোলার মানুষ যেভাবে ভালোবেসেছেন, তাকেও সেভাবে ভালোবাসবেন। তাকে মন্ত্রী বা এমপি হিসেবে সম্বোধন না করে ‘আপনাদের সন্তান’ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।তিন দিনের সরকারি সফরে সড়কপথে মঙ্গলবার দুপুর ২টার দিকে ভোলায় পৌঁছান তথ্যমন্ত্রী। তার আগমন উপলক্ষে হাজারো নেতা-কর্মী মোটরসাইকেল, মাইক্রোবাস ও খোলা পিকআপ নিয়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিজেপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।সফরকালে সরকারি কর্মকর্তা, নিজ দলের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।