দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। একই সময়ে নতুন করে ৯৯৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ১০১ জন।শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯০ জনের মধ্যে ৫১ জন নারী, যা মোট মৃত্যুর ৫৭ দশমিক ৩ শতাংশ। পুরুষ মারা গেছেন ৩৮ জন, যা ৪২ দশমিক ৭ শতাংশ। এছাড়া একজনের মৃত্যুর তথ্য পরবর্তী সময়ে ‘ফলস’ হিসেবে চিহ্নিত হয়েছে।ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩১ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ জন এবং সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া খুলনায় ১৭ জন, বরিশালে নয়জন, ময়মনসিংহে আটজন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে চারজন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ৩১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।