আওয়ামী লীগ ১৭ বছরের শাসনামলে বাংলাদেশকে ‘শূন্য ঝুড়ি’ বানিয়ে ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অসহায় ও দুঃস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ উপলক্ষে জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দলের নেতাকর্মী এবং ‘ফ্যাসিস্ট হাসিনার’ আত্মীয়স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হতো। এসব প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্স গড়ে তোলা হয়েছে।তিনি বলেন, ‘এখন আর এসব চলবে না। সরকারি টাকা আত্মসাৎ করলে তাকে জেলে পাঠানো হবে।’নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুইপ দুলু বলেন, ‘নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না।’ একই সঙ্গে নাটোরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অনেকে।অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করে দুলু আরও বলেন, দলের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশের জনগণ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমিজমা-বাড়ি দখলের অভিযোগ তুলে দুলু বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তার সঙ্গে যত্নে রেখেছে।তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনুসারীরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে—এমন মিথ্যা প্রচার চালাচ্ছেন। রংপুরে দুই হিন্দু যুবকের হাতে এক হিন্দু শিক্ষকের পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনাকেও তারা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে প্রচার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।দুলু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে অবগত। তাদের যেকোনো ধরনের ‘হীন ষড়যন্ত্র’ রুখে দেওয়া হবে।