সলঙ্গায় চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ভিডিও ভাইরাল
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, দুপুর ৪:৪০ সময়
সিরাজগঞ্জের সলঙ্গায় চোর সন্দেহে বাবু (৩০) নামে এক যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে ধোপাকান্দি ন্যাশনাল ফুডসিটি হোটেলের মালিক আলহাজ ফরিদুল ইসলামের বিরুদ্ধে। নির্যাতনের চিত্র ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধোপাকান্দি এলাকায় এরশাদের ওয়ার্কশপের সামনে। নির্যাতিত বাবু সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলকা সেনগাতী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অঝোর ধারায় বৃষ্টি চলাকালে ন্যাশনাল ফুডসিটি হোটেলের মালিক আলহাজ ফরিদুল ইসলামের নির্দেশে বাবুকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়। বাঁধনে সহায়তা করেন ধোপাকান্দি পূর্বপাড়া গ্রামের সাইদুল। পরবর্তীতে একই গ্রামের রিপন নামে এক যুবক বৃষ্টিতে ভিজে খালি গায়ে লাঠি দিয়ে হাত-পা বাঁধা বাবুকে বেপরোয়াভাবে পেটাতে থাকেন।ভিডিও ধারণের পাশাপাশি হোটেল মালিক ফরিদুল ইসলাম নিজেই বাঁধা অবস্থায় ওই যুবককে জেরা করছিলেন। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বাবু আসলেই চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হোটেল মালিক আলহাজ ফরিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বর্বর নির্যাতনের নির্দেশদাতা ফরিদুল ইসলামসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, এ ধরনের ঘটনায় এখন পযন্ত কোন অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।