সিরাজগঞ্জে ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, দুপুর ১১:৩৮ সময়
সিরাজগঞ্জে ৩২৮ গ্রাম হেরোইন ক্রয়-বিক্রয়ের অভিযোগে সারমিন খাতুন (নাম) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।মামলার নথির বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, সারমিন খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০২৫ সালের ১৪ আগস্ট রাতে ৩২৮ গ্রাম হেরোইন নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি।বিষয়টি জানতে পেরে সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় হেরোইনসহ সারমিন খাতুনকে আটক করা হয়।পরে এ ঘটনায় সিরাজগঞ্জ র্যাব-১২-এর ডিএডি হেলাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন।মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত সারমিন খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।