কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে কাওসার হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান (রসায়ন) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি পার্ক) চত্বরে অবস্থিত পুকুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।নিহত কাওসার হোসেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।সহপাঠীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। তারা পুকুরের এক পাশ থেকে সাঁতরে অপর পাশে যাওয়ার সময় হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন, কাওসার মাঝপুকুরে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছেন। এ সময় তার বন্ধু শাওন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান। পরে শাওন নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও কাওসার নিখোঁজ হয়ে যান।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পানির নিচ থেকে কাওসার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।