বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জুলুম, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। তিনি বলেন, ইসলামের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ের শহীদ মাওলানা নিজামী মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে ফাঁসির মঞ্চকে বরণ করার মধ্য দিয়েই জামায়াত বিজয়ের পথ রচনা করেছে। ন্যায় প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে দল কখনো সরে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এবং জুলাইয়ে গণহত্যা সংঘটিত হয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দাবি করে, তাদের জনগণের এই রায় বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সরকার যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই রায় বাস্তবায়ন না করে, তবে জনগণ সেই সরকারকেও গ্রহণ করবে না।রাজনৈতিক অবস্থান তুলে ধরে জামায়াতের নায়েবে আমির বলেন, দলটির নীতি হলো ভালো কাজে সহযোগিতা করা এবং অন্যায় কাজে বিরোধিতা করা। সেই নীতির আলোকে সংসদে যেমন সমর্থন দিয়েছে, তেমনি প্রয়োজন হলে ওয়াকআউট কর্মসূচিও পালন করেছে।সভায় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত, কিন্তু জুলাইয়ের চেতনাকে বিসর্জন দেবে না। জুলাইবিরোধী দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।তিনি আরও বলেন, জুলাইয়ের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশের মানুষের প্রত্যাশিত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার। আলোচনা শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।