চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের প্রতি রাজনীতিকে জনসেবার মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘রাজনীতিকে ইবাদতে পরিণত করুন। পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান।’শুক্রবার (১০ জুলাই) টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরের হালিশহরের বারনীঘাট গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দরবী পাড়া, গোডাউন বাজার উত্তর গেটসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।পরিদর্শন শেষে সাঈদ আল নোমান বলেন, ‘ঝড়-বৃষ্টি ও দুর্যোগ একসময় কেটে যাবে, কিন্তু মানুষের প্রতি আমাদের দায়িত্ব কখনো শেষ হবে না। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করাই প্রকৃত রাজনীতি, আর সেই রাজনীতিই ইবাদতের সমান।’তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করার আশ্বাস দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। বিএনপি গণমানুষের দল। পানিবন্দি ও অসহায় মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। মানবিক দায়িত্ববোধ ও জনসেবার মনোভাবই রাজনীতির মূল শক্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।