চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহজালাল হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারে নারকেল তেলের বোতলে ব্যবহৃত একটি স্টিকার পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে খাবার খাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া তার প্লেটে পরিবেশিত মাছের ঝোলে একটি স্টিকার দেখতে পান। পরে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে তা দ্রুত আলোচনার জন্ম দেয়।হৃদয় মিয়ার অভিযোগ, খাবার পরিবেশনের সময় মাছের ঝোলের মধ্যে তিনি ‘বেলিফুল নারকেল তেল’-এর বোতলে ব্যবহৃত এক নারীর ছবিযুক্ত স্টিকার দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিং ম্যানেজারকে জানালে তিনি দাবি করেন, রান্নায় ব্যবহৃত একটি মসলার প্যাকেট থেকে স্টিকারটি খাবারে চলে এসেছে। তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন শিক্ষার্থীরা।শাহজালাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) আলাউদ্দিন সন্দীপী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হল সংসদ এবং চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদক যৌথভাবে বিষয়টি তদন্ত করবেন। পাশাপাশি খাবারের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, খাবারের নিম্নমানের অভিযোগের কারণে সম্প্রতি ডাইনিংয়ের পুরোনো ম্যানেজারকে পরিবর্তন করে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে।এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবাসিক হলের খাবারের মান, স্বাস্থ্যবিধি এবং তদারকি ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।