ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে সংসদে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও সিদ্ধান্ত জানাতে শিক্ষামন্ত্রীই অধিক উপযুক্ত। তবে সরকার নারীর শিক্ষা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।বুধবার জাতীয় সংসদে মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না—এ প্রশ্ন উত্থাপন করেন।জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল নারীর শিক্ষার প্রসার। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে বর্তমান সরকার নারীদের জন্য অনার্স পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে।তিনি আরও জানান, জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীরা সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য মেধাভিত্তিক বৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, নারীদের শিক্ষায় আরও বেশি সুযোগ সৃষ্টি এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।