হবিগঞ্জে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় জেলা পরিষদের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় আহমেদ আলী মুকিব বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দ্রুত ও নির্ভুলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা, জনসেবার মান আরও উন্নত করা এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কুমার পাল, নির্বাহী প্রকৌশলী সবুজ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ, চৌধুরী ফরিয়াদ, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।