বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত ককটেল বিস্ফোরণ একটি নিন্দনীয়, উদ্বেগজনক ও বর্বরোচিত ঘটনা। এ হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, সমাবেশ শুরুর সময় আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক এবং এ বিষয়ে ওঠা অভিযোগও তদন্তের আওতায় আনা উচিত।তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক সহিংসতা, বোমাবাজি ও সন্ত্রাসের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ, হামলার নেপথ্যে কারা রয়েছে এবং প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ—সবকিছুই নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।