দুর্নীতির জালে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান, রাজাপাকসে–পুত্রকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, দুপুর ১২:১১ সময়
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির ঘুষ ও দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসেকে নিয়মবহির্ভূতভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ করে দিতে তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন।শুক্রবার (৩ জুলাই) ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই নৌ কর্মকর্তা হেফাজতে নেওয়া হন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৬ সালে যোশিথা রাজাপাকসের নৌবাহিনীতে নিয়োগে বিধিবহির্ভূত সুবিধা দেওয়া হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এর আগে গত মাসে সরকারি অর্থে যুক্তরাজ্যের ডার্টমাউথ নৌ কলেজে প্রশিক্ষণ গ্রহণে অনিয়মের অভিযোগে যোশিথা রাজাপাকসে গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে সম্পদের উৎস গোপনের অভিযোগে আরেকটি ফৌজদারি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।ওয়াসান্থা কারান্নাগোদা ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘ গৃহযুদ্ধের শেষ পর্যায়ে শ্রীলঙ্কা নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। ২০২৫ সালে যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।এছাড়া ২০০৮-০৯ সালে ১১ তরুণ অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া হত্যা ষড়যন্ত্রের মামলাও নতুন করে সক্রিয় হয়েছে, যেখানে তার নামও রয়েছে।বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসার পর রাজাপাকসে পরিবার ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি এবং আলোচিত অপরাধসংক্রান্ত তদন্তে নতুন গতি এসেছে। সাম্প্রতিক এই গ্রেপ্তার সেই অভিযানেরই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।সূত্র: এএফপি ও বিএসএস।