চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজে ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নাবিক ও প্রকৌশলী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা এফভি দেশ ফিশিং জাহাজে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন—ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে কর্মরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।নৌ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় নোঙর করে। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় ইঞ্জিন রুমে দায়িত্ব পালনরত ছয়জন গুরুতর দগ্ধ হন।ঘটনার পর আশপাশে অবস্থানরত অন্য জাহাজের নাবিক এবং স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।এদিকে, ঘটনার পর মঙ্গলবার বিকেলে এফভি দেশ ফিশিং জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদী হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে।