খিলগাঁওয়ে কলেজছাত্রের ওপর সন্ত্রাসী হামলা, ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, বিকাল ৫:৭ সময়
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় সৌরভ শাহরিয়ার (১৮) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিলপাপাড়া এলাকার লাকি ফার্মেসির সামনে এ হামলার ঘটনা ঘটে।আহত সৌরভ শাহরিয়ার খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) শ্রেণির শিক্ষার্থী।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে লাকি ফার্মেসির সামনে অবস্থান করছিলেন সৌরভ। এ সময় স্থানীয় যুবক আরাফাত, ফাতিন ও সোলেমানসহ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বাম কাঁধে কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহত শিক্ষার্থীর বাবা সাংবাদিক শুভ মাহমুদ দাবি করেন, তার ছেলের সঙ্গে হামলাকারীদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না।তিনি বলেন, “ওরা এলাকার বখাটে। আমার ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ছিনিয়ে নিতে না পেরে হামলা চালিয়েছে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন