নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন আজাদ।বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নিকশন কুমার আমিন, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন ও শহিদুল ইসলাম, সাবেক কমিশনার আউলিয়া, জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত এবং জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন লাভলুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।