সামাজিক যোগাযোগমাধ্যমে গান পরিবেশন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় উপস্থিত একাধিক সদস্যের বরাতে জানা যায়, অধ্যাপক তাশরিক-ই-হাবিবের সাম্প্রতিক সামাজিকমাধ্যম কার্যক্রমকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে গান গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। শাহ আব্দুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুর জনপ্রিয় গান পরিবেশন করে প্রকাশিত তাঁর একাধিক ভিডিও দ্রুত ভাইরাল হয়। এসব ভিডিও নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে আলোচনা-সমালোচনার পাশাপাশি ব্যাপক আগ্রহও দেখা যায়।সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ডিজিটাল কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে প্রশংসা ও সমালোচনা উভয়ই স্বাভাবিক। তাঁর মতে, নেতিবাচক প্রতিক্রিয়াও একটি কনটেন্টের প্রচার ও দর্শকসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।তিনি দাবি করেন, ফেসবুকে প্রকাশিত তাঁর গানের ভিডিওগুলো উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের কাছে পৌঁছেছে এবং এসব কনটেন্টের মাধ্যমে তিনি বিভিন্ন ক্রিয়েটর স্বীকৃতিও অর্জন করেছেন। শুরুতে রান্নাবিষয়ক ভিডিও প্রকাশ করলেও তেমন সাড়া না পেলেও গানভিত্তিক কনটেন্ট প্রকাশের পর দর্শকসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, নতুন কোনো উদ্যোগ শুরুতে সমালোচনার মুখে পড়তেই পারে। তাই সমালোচনায় বিচলিত না হয়ে কাজের মান উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত। ভালো-মন্দের চূড়ান্ত মূল্যায়ন দর্শকই করবেন বলেও মন্তব্য করেন তিনি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলে সিদ্ধান্তের বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।