শেরপুরে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৩
মোঃ আল আমিন হোসেন, বার্তা সম্পাদক||
প্রকাশিত: ২২ জুন ২০২৬, সকাল ৯:০ সময়
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পিকআপভ্যান থেকে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।সোমবার (২২ জুন) ভোরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় নকলা-নালিতাবাড়ী সড়কে বিশেষ অভিযান চালিয়ে মদভর্তি পিকআপটি আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধারকৃত মদ ও ব্যবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।