গ্রেপ্তার অভিযানের মধ্যে ভবনের ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
মোঃ আল আমিন হোসেন, বার্তা সম্পাদক||
প্রকাশিত: ২১ জুন ২০২৬, দুপুর ১:৪৩ সময়
বরিশাল নগরীতে পুলিশের গ্রেপ্তার অভিযানের সময় ভবনের ছাদ থেকে পড়ে রাশেদ খান মেনন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাশেদ খান মেনন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ জানিয়েছে, রাশেদ খান মেননের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রোববার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসভবনে যান।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানান, পুলিশ সদস্যরা বাসার সামনে অবস্থান নিলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেননি। পরে তারা সেখান থেকে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, রাশেদ খান মেনন ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।